

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে স্পেশাল রেস্পন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক বেচাকেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, রবিবার ২ টা ২৫ মিনিট সময়ে উপজেলার মইলাকান্ধা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালায় সিপিএসপি, এসআরবি-১৪ ময়মনসিংহের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন, দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মোঃ হাতিম মিয়া (৪২)। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে ওই বাড়িতে বিপুল পরিমাণ মাদক বেচাকেনার তথ্য পায় অভিযানিক দল। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এসময় উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে তল্লাশী চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে গ্রেফতার দুইজন পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্য এ বিপুল পরিমাণ গাজা নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-১৪ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে এজাহার দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদক জব্দ করা আলামত সহ আসামিদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আমরা মামলা নিয়েছি, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
