ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2026

পিরোজপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নাজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাব।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনে একটি কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত ওই কক্ষে অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ নেই। এছাড়া পিরোজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় বর্তমানে জেলার সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে এসব নির্দেশনা অমান্য করে কোচিং করানোর তথ্য পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তাদের বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা পোস্ট এর জেলা প্রতিনিধি এস.এম. সিপার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অগণতান্ত্রিক। সাংবাদিকদের নির্বিঘ্নে ও নিরাপদে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram