

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের ছাদের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাঁর কাছ থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, লোকমান তাঁর বসতঘরের টিনের ছাদের ওপর দুটি প্লাস্টিকের টবে গাঁজা গাছের চাষ করছিলেন। প্রতিটি টবে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার লোকমান হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকায়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে এবং জব্দ করা গাঁজা গাছ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
