

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে তানজিলা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের সোনার বাংলা গ্রীন সিটির সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তানজিলা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর (বাগৈর) এলাকার মৃত হাবিবের মেয়ে। তার মায়ের নাম নাছলিমা।
স্থানীয়রা রাস্তার পাশে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল কুদ্দুস জানান, কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
