

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মিয়া হোসেন (২৫) নামে এক যুবক নিজের বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে মিয়া হোসেন।
এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
খোঁজ নিয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঘটনার আগে Mia Hossen নামের নিজের ফেসবুক অ্যাকাউন্টে "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই" উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। এর পূর্বে কি এমন ঘটনা ঘটেছে যার জন্য সে ওই রকম স্ট্যাটাস দিয়েছে, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি এবং পরিবারের কেউই নিশ্চিত তথ্য দেয়নি।
তবে নিহতের মায়ের ভাষ্য, পারিবারিক মানসিক চাপের কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানিয়েছেন, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
