

এখন থেকে ৩৫ বছর বয়সের পর কেউ আর নতুন করে আইনজীবী হতে পারবেন না। আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ থেকে কার্যকর হবে।
এছাড়া, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
