

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা ছাত্রদল, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল করছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
এ ছাড়া বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক এবং অপ্রাপ্তবয়স্ক সহকারীদের দেখা যায় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। কোথাও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে এসব সমস্যা ভোগান্তি তৈরি করছে বলে স্মারকলিপিতে তুলে ধরা হয়।
স্মারকলিপিতে চার দফা দাবির মধ্যে রয়েছে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ করা; শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করা; বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী চালক দিয়ে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা। এ ছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ ও যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
