

হাতপাখা প্রতীকধারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে তাদের প্রার্থী দিয়েছে। এটি গত শুক্রবারের ঘটনা। এরপর সঙ্গত কারণেই প্রশ্ন জেগেছে, অবশিষ্ট ৩২টি আসনে তারা কোন প্রার্থী বা দলকে সমর্থন দেবে? অর্থাৎ যেসব আসনে হাতপাখার প্রার্থী নেই, সেসব আসনে হাতপাখা বাতাস দেবে কাকে? এ প্রশ্নের উত্তরে গতকাল রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক সমীকরণ ও আদর্শিক বহুমাত্রিক বোঝাপড়ার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্য থেকে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। তিনি যোগ করেন, আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, সেসব আসনে সমর্থনের ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত প্রসঙ্গে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আপাতত বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে ভাবা হয়নি। সময় এলে সিদ্ধান্ত জানানো হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনআকাক্সক্ষাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই আসনভিত্তিক কৌশল নির্ধারণ করা হচ্ছে।
