ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৯ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২টি

গাজীপুর প্রতিনিধি: শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে নয়টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর এবং বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লেবেন্ডা ও এপেক্স কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মৌচাক ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে এটিএস অ্যাপারেল, লোগো ফ্যাশন, বে ফুটওয়্যার ও পূরবী গ্রুপের কারখানা রয়েছে। সব মিলিয়ে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে নয়টি কারখানা বৃহস্পতিবারের জন্য বন্ধ রাখা হয়।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের জেরে কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা দুটি হলো এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড। ইতোমধ্যে কারখানার প্রধান ফটকে বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। তাঁদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও শ্রমিকেরা তাতে সাড়া দেননি। এ ছাড়া শ্রমিকদের একাংশ কারখানায় ভাঙচুর চালিয়ে কারখানা ত্যাগ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় কারখানার সম্পদ ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় নয়টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram