ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

নির্বাচনের পর যে তিন কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর কী করবেন তা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি জানান, দায়িত্ব ছাড়ার পর মূলত তিনটি কাজে মনোযোগ দেবেন।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে—

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এ ক্ষেত্রে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন।

তৃতীয়ত, ‘থ্রি জিরো’ ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন, তা অব্যাহত রাখবেন।

উপ-প্রেস সচিব জানান, আতঁতায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন।

বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram