

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ৩০ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, তাকে ফেরত দিতে হবে পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও।
আজ বুধবার (৯ জুলাই) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলেছেন হাইকোর্ট। আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
চাকরি ফেরতের আদেশ পেয়ে শরীফ উদ্দিন বলেন, হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থান না হলে হয়তো এই ন্যায়বিচার পেতাম না।
২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। এরপরই চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ।
এর আগে, দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে। যার ফলশ্রুতিতে চাকরি হারাতে হয় বলে জানান শরীফের আইনজীবী।
সর্বশেষ ২০২৩ সালের ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। বিষয়টি নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

