

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক ও হেলপার আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাবার পথে নাজিরা রেল ক্রসিং এ আসে। এসময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রক্টরের চালক ও সহকারী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টরটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। রেল ক্রসিংটিতে কোন গেট বা সিগন্যাল ছিল না।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রলিটি উদ্ধার করি। আহতদের কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
