

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ননুজ বাজারসংলগ্ন এলাকায় কোনো প্রকার প্রশাসনিক অনুমতি বা আবেদন ছাড়াই অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত ২৭ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটিবোঝাই ৫টি ট্রাক জব্দ করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি; বরং সংশ্লিষ্ট অভিযুক্তকে সশরীরে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুল্লাহ আল-মাহবুব। অভিযান প্রসঙ্গে কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব বলেন, "আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। এই অপরাধে আমরা ঘটনাস্থল থেকে মাটিবোঝাই ৫টি গাড়ি জব্দ করে নিয়ে এসেছি। মাটি বা পুকুর খননের জন্য প্রশাসনের কাছে কোনো আবেদন বা অনুমতি নেওয়া হয়নি। এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে আমাদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর খননের এই অবৈধ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছেন মোঃ আহসান হাবিব। তিনি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ননুজ বাজারের মোঃ নিজাম উদ্দিনের ছেলে। আহসান হাবিব উদয়পুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন; তবে বর্তমানে দলে তাঁর কোনো সক্রিয় পদ বা দায়িত্ব আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) নিজে উপস্থিত হয়ে গাড়িগুলো জব্দ করায় অবৈধ খননকাজ বন্ধ হয়েছে। উপজেলা ভূমি অফিস জানিয়েছে, অনুমতি ছাড়া পুকুর বা মাটি কাটার অপরাধে জব্দকৃত ট্রাকগুলোর বিষয়ে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
