ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ক্রিকেট না শপিং, ২৭টি ব্যাগ নিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটার

বিদেশ সফরে গেলে প্রায়শই বাড়তি ব্যাগ নিতে দেখা যায় ক্রিকেটারদের। ক্রিকেটের বাইরের সময়টাতে ঘুরে বেড়ানো ও শপিং করতে দেখা যায়। এবার সেই শপিংটাকে রীতিমতো ভিন্ন এক জায়গায় নিয়ে গেছেন ভারতীয় এক তারকা ক্রিকেটার। সবশেষ অস্ট্রেলিয়া সফরে একাই ২৭টি ব্যাগ বহন করেছেন তিনি। যা নিয়ে এখন রীতিমতো হইচই পড়ে গেছে ভারতীয় ক্রিকেটে।

ওই ক্রিকেটারের ২৭টি ব্যাগ বহন করার বাড়তি খরচ বহন করতে হয়েছে বিসিসিআইকে। যে কারণে ক্রিকেটারদের লাগেজের বিষয়ে নতুন নীতিও ঠিক করেছে বোর্ড। এমনটাই জানা গেছে ভারতের সংবাদমাধ্যম জাগরণের একটি প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন সফরে ২৭টির বেশি ব্যাগ নিয়ে সফর করেছিলেন এক ক্রিকেটার। যদিও তার নাম জানায়নি সংবাদমাধ্যমটি। তবে তিনি যে সিনিয়র ক্রিকেটার সেটা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, ব্যাগে শুধু ওই ক্রিকেটার নিজের জিনিসপত্রই নয়, ছিল পরিবারের অন্য সদস্যদের ব্যক্তিগত জিনিসপত্রও। সব মিলিয়ে তার ব্যাগের ওজন ছিল ২৫০ কেজি। যার জন্য বিসিসিআইকে অতিরিক্ত খরচ করতে হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেই তারকার ব্যাগে ছিল ১৭টি ক্রিকেট ব্যাট। এমনকি তার ব্যক্তিগত সহকারীদের জিনিসপত্রও ছিল সেখানে। নিয়ম অনুসারে, এমন কিছু থাকলে সেটি আলাদাভাবে নিতে হয়, তবে সেটি মানেননি সেই ক্রিকেটার। তাই বিসিসিআইকেই গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। সেই ক্রিকেটারের নাম আর অতিরিক্ত টাকার পরিমাণ কত, সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনটিতে।

যা নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই। তাই ক্রিকেটারদের অতিরিক্ত ব্যাগ বহন করা নিয়ে নিয়ম ঠিক করে দিয়েছে বোর্ড। নতুন নিয়মে, ৩০ দিনের বেশি লম্বা সফরের ক্ষেত্রে একজন খেলোয়াড় ৩টি স্যুটকেস ও ২টি কিট ব্যাগ অথবা সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের ব্যাগেজ নিতে পারবেন। আর সফর ৩০ দিনের কম হলে ব্যাগেজ নেওয়া যাবে ৪টি, ওজন ১২০ কেজির মধ্যে। এ ছাড়া নতুন ভ্রমণনীতি অনুসারে, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়েরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram