ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত

যশোর প্রতিনিধি: কমিটি ঘোষণার মাত্র দুই মাসের মাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির জেসিনা মোর্শেদ প্রাপ্তির সদস্য সচিব পদ সাময়িক স্থগিত করা হয়েছে। এ ছাত্র নেতার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকান্ডের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকান্ড তাদের নজরে গিয়েছে। এজন্য জেসিনা মোর্শেদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একই সাথে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যদের সামনে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় কমিটির আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহবায়ক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করবেন। আমরা ইতিমধ্যে পদ সাময়িক স্থগিতাদেশ সংক্রান্ত চিঠিপত্র হাতে পেয়েছি।'

নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা বলেন, সর্বশেষ জেসিনার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে যশোর জেলার ৫৮ জন নেতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাঠানো হয় কেন্দ্রীয় কমিটিতে। এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্ত আসেন দুই কেন্দ্রীয় নেতা।

এ বিষয়ে জেসিনা মোর্শেদ প্রাপ্তি সাংবাদিকদের বলেন, বড় সংগঠন, জবাবদিহিতা থাকবে, এটাই স্বাভাবিক। কেন্দ্র আমাকে সশরীরে উপস্থিত হতে বলেছেন, আমি কেন্দ্রে এ বিষয়ে জবাব দিব। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর অফিসিয়াল ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যার মেয়াদ দেওয়া হয় ছয় মাস। কিন্তু কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক সপ্তাহের মধ্যে নয়জন নেতা পদত্যাগ করেন এ কমিটি থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram