ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

৫ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের, ‘বিব্রতকর’ পরিস্থিতি থেকে রক্ষা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। সিরিজ শেষের পরদিনই বাবর-রিজওয়ানরা শুনলেন দুঃসংবাদ। মন্থর ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির ৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। একইসঙ্গে সব খেলোয়াড়ের ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি মঙ্গলবার এই শাস্তির কথা জানিয়েছে।

কেপটাউন টেস্টে সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। আইসিসি জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল শান মাসুদের দল। খেলা শেষে আম্পায়াররা ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ করেন। অধিনায়ক মাসুদ ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা হয়েছে, কোনো দল নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে এক ওভার কম করলে ১ পয়েন্ট কাটা যাবে। কেপটাউন টেস্টে পাকিস্তান দল পাঁচ ওভার পিছিয়ে থাকায় ৫ পয়েন্ট কাটা হয়েছে।

এ ছাড়া আইসিসি আচরণবিধির ২.২২ ধারায় বলা হয়েছে, কাঙ্ক্ষিত ওভার রেটের চেয়ে ১ ওভার পিছিয়ে থাকলে দলের প্রত্যেকের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সেই হিসেবে পাকিস্তান পাঁচ ওভার কম করায় বাবর–রিজওয়ানদের ম্যাচ ফির ২৫ শতাংশ করে কেটে নেয়া হয়েছে।

২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এ নিয়ে ১৩ পয়েন্ট কাটা পড়েছে পাকিস্তানের। আইসিসি বাবর–রিজওয়ানদের ৫ পয়েন্ট কেটে নেয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। পয়েন্ট তালিকার তলানিতে থেকে আগের দুই চক্র শেষ করা বাংলাদেশের এবার সেই বিব্রতকর অভিজ্ঞতার সম্ভাবনা নেই।

বর্তমানে শতকরা ৩১.২৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছে বাংলাদেশ। পাকিস্তান শতকরা ২৪.৩১ পয়েন্ট নিয়ে আটে এবং ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৪.২৪ পয়েন্ট নিয়ে নয়ে। এবারের চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। তলানির দুই দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এই চক্রে নিজেদের শেষ সিরিজে মুখোমুখি হবে জানুয়ারি মাসেই। দুই ম্যাচের সেই সিরিজে ফল যাই হোক না কেন, বাংলাদেশের পয়েন্ট তালিকায় আটের নিচে নামার সম্ভাবনা নেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram