

পবিপ্রবি প্রতিনিধি: প্রথম বর্ষে ভর্তির সব আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শেষ করার লক্ষ্যে কৃষিগুচ্ছের ভর্তি পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
রবিবার (১৫ নভেম্বর) ইউজিসি ভবনে দেশের কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
সভায় দেশের ৯টি কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন হোসেন, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় উচ্চশিক্ষা, গবেষণা ও ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার প্রশ্নের মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও বিশ্লেষণী দক্ষতা যাচাই এবং ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে সব আসন পূরণের লক্ষ্যে উপাচার্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ভর্তি প্রক্রিয়ার জটিলতার কারণে কোনো আসন খালি রাখা যাবে না। নির্ধারিত সময়ে একাডেমিক কার্যক্রম শুরু ও শেষ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার ফলাফল যেন দেশের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে, সে বিষয়েও গুরুত্ব দেন।
সভায় বিশ্বব্যাংকের সাম্প্রতিক একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশের ৬০ শতাংশের বেশি স্নাতক ডিগ্রিধারী তরুণ তাঁদের যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম আধুনিকায়ন ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পাঠ্যক্রম প্রণয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সমন্বয় আরও বাড়ানোর পরামর্শ দেন।
মতবিনিময় সভায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা, গবেষণা, ভর্তি কার্যক্রম এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
