ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ নগরের ৩৬ বাড়িকলোনী এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ ছিল।

ঘটনার পর ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন। ওই সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি সংবলিত স্মৃতিফলক স্থাপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram