

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ফরিদগঞ্জে নাশকতা বিরোধী অভিযানে সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র (৫০), আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মো. শহিদ উল্যা খাঁন (৫২), বালিথুবা পশ্চিম ইউনিয়নের মো. আজগর গাজী (৪১), রূপসা উত্তর ইউনিয়নের মো. দেলোয়ার (৩২), ওমর হোসেন (২০), সাইফুল ইসলাম (২৩), তৌহিদুল ইসলাম তামজিদ (২২), পৌরসভা এলাকার আল-আমিন (২১) ও মেহেদী হাসান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
