ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী ছাত্রধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়ে লগি-বৈঠার মিছিল বের করেন।

এসব ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে, ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মী টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় লগি-বৈঠা নিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় উত্তেজনা চলছিল।

দেশব্যাপী এ ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়কের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ পুলিশ-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে, ৭টি মোটরসাইকেল জব্দ করেছে এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram