

মো: মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কেউ হারান অর্থ, কেউ হারান সম্পদ আর আগুনে সব হারিয়ে যেন জীবনের ২০টি বছরই হারালেন জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটের ব্যবসায়ী মামুন সরকার। দীর্ঘ দুই দশকের পরিশ্রমে গড়ে তোলা তার স্বপ্নের প্রতিষ্ঠান ‘নুরুন্নাহার কসমেটিকস’ এক রাতের আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শুধু প্রসাধানি সামগ্রী নয় ভেঙে গেছে তার ২০ বছরের পরিশ্রম, স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন।
আগুনে পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে বুক চাপড়ে বিলাপ করছিলেন মামুন সরকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পরিবারকে হয়তো তেমন সময় দিতে পারিনি, কিন্তু দোকানটাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছি। ২০ বছর ধরে একটু একটু করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার যা সম্বল ছিল, সবই এই দোকানে। এখন আমি কীভাবে চলব, কীভাবে পরিবার চালাব? আমি তো কারও ক্ষতি করিনি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। আমার সঙ্গে এমন কেন হলো?
গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার পর কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটের সরকার সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মামুন সরকারের মালিকানাধীন নুরুন্নাহার কসমেটিকসের দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, দোকানে থাকা প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
মামুন সরকার জানান, প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি। তবে অন্য দিনের তুলনায় কিছুটা আগেই বাড়ি ফিরেছিলেন। বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই খবর পান, তার স্বপ্নের দোকানে আগুন লেগেছে। খবর পেয়েই ছুটে আসেন ঘটনাস্থলে। কিন্তু ততক্ষণে আগুন গ্রাস করেছে তার দীর্ঘদিনের সাজানো ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও দোকানের মালামাল রক্ষা করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। সরকার সুপার মার্কেটের সব প্রবেশপথ বন্ধ থাকায় প্রথমে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর দেওয়া হয় বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আলী আজম বলেন, রাত ১০টার দিকে মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে যাই। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করানো হয়। স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাশের দোকানের ব্যবসায়ী আজম সরকার বলেন, মামুন ভাইয়ের দোকানের পাশেই আমার দোকান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি, তার দোকানের সব মালামাল পুড়ে শেষ। স্থানীয় লোকজন বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করছি।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। কালাই ফায়ার সার্ভিস কার্যালয়ের লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক হিসাবে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার এবং ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করার পর কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সময় মার্কেটের সব গেট ও দোকান বন্ধ ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
