ঢাকা
logo
প্রকাশিত : November 8, 2026

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ৬ টা নাগাদ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু ইয়াছিন হোসেন ওই বাড়ির দিনমজুর মো. জিতুর ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার পর থেকেই শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ঘটনার দিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুর বাবা মো. জিতু বলেন, আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারো প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram