

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি পালন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর নিজস্ব উদ্যোগে ইউনিয়নের শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম চালানো হয়।
ওলি ফকির একজন সৌদি আরব প্রবাসী। তিনি গত এক বছর ধরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সৌর সড়কবাতি স্থাপনসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। মশার উপদ্রব কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বাঁশকান্দি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। চেয়ারম্যান হিসেবে সরকারি ভাতা গ্রহণ না করে তা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছা রয়েছে।”
এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকার কথা জানান।
