

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে চারণ ভূমি রক্ষায় ইউএনওকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খামারিরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইনের হাতে স্মারকলিপি তুলে দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, খামারি নাজমুল হোসেন, আবদুল মান্নান, আমির হোসেন, মোশাররফ হোসেন, মো. শাহ আলম, হেদায়েত উল্যাহ, মাঈন উদ্দিন ও ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৫-১৬ বছর পূর্ব থেকে এখন পর্যন্ত উপজেলার পূর্ব বড়ধলী, চরখোন্দকার, সোনাপুর, দক্ষিণ পূর্ব চরচান্দিয়া, দক্ষিণ চরদরবেশ, চরএলেন, বাহির চর, চরআবদুল্লাহ ও দক্ষিণ চরচান্দিয়া হাজার হাজার একর জমিতে এক শ্রেণির ভূমিদস্যু চক্র পুকুর খনন করে মীরসরাই এলাকার ভূমিদস্যুদের কাছে স্ট্যাম্পের মাধ্যমে ইজারা দিয়ে জমিগুলো জবরদখলের মহোৎসব চালাচ্ছে। যার ফলে ওই জমিতে ফসল উৎপাদন ব্যাহত এবং গবাদি পশুর চারণভূমি সংকুচিত হয়ে যাচ্ছে। পূর্ব পুরুষদের হাতে গড়ে ওঠা গরু, মহিষ ও ভেড়া খামারিদের সেই চারণ ভূমি এখন মৎস্য ঘেরে পরিণত হয়েছে।
এদিকে অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবারাহের জন্য এক হাজার একর ভূমিতে ওই চরাঞ্চলের দক্ষিণ চরদরবেশে গড়ে ওঠে ৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও সম্প্রতি আরও একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একনেকে প্রায় ৭৪৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। তাই ভূমি দস্যুদের জবরদখলের মহোৎসব থামিয়ে চারণ ভূমি রক্ষায় খামারিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
