

মুরাদ ইমাম কবির, হিলি: হিলিবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। হিলি রেলস্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এদিকে হিলি রেলস্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হিলিতে আনন্দ র্যালি করেছে স্থানীয়রা।
র্যালিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি হিলি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতারা দাবি করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় ট্রেন দুটির যাত্রাবিরতি সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ট্রেন দুটির যাত্রাবিরতি চালু হলে ঢাকায় যাতায়াত সহজ হবে। পাশাপাশি সময় ও খরচ সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।
বক্তব্য রাখেন বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওত হোসেন শিল্পী, আজিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মহোতামিম আব্দুল ওহাব, বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান প্রধান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির প্রমুখ।
