

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় অভিযান চালিয়ে মোঃ রুবেল (২৯) নামে এক মৌসুমী ইলিশ শিকারিকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ রুবেল বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকার আব্দুর রবের ছেলে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিকাশ বাবু এবং উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নির্বিঘ্ন রাখতে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
