ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2026

বদলগাছীতে শিয়াল দেখে দৌড়, পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ গেল শিশুর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বাবার সঙ্গে মাঠে গিয়েছিল তিন বছরের ছোট্ট সোহাগী। জমি চাষের সময় খেতের আইলে বসে ছিল সে। হঠাৎ খেত থেকে বেরিয়ে আসে একটি শিয়াল। ভয়ে বাবার কাছে ছুটে যেতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ হারায় শিশুটি। মুহূর্তেই থেমে যায় তার ছোট্ট জীবনের পথচলা। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের কৃষক সোহেল মণ্ডলের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে শিশু সোহাগী। মেয়ের আবদার রাখতে তাকে সঙ্গে নিয়েই মাঠে যান সোহেল।

মাঠে গিয়ে সোহেল মণ্ডল জমি চাষের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় মেয়েকে খেতের আইলে বসিয়ে রাখেন তিনি। একপর্যায়ে খেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। ভীতসন্ত্রস্ত সোহাগী বাবার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চোখের সামনেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বাবার সঙ্গে মাঠে যাওয়া শিশুটির আর ঘরে ফেরা হলো না।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি ছোট্ট অসতর্ক মুহূর্ত যে কত বড় শোকের কারণ হতে পারে, জগন্নাথপুরের এ দুর্ঘটনা যেন তারই মর্মান্তিক উদাহরণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram