

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলে জানা গেছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
