

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নওগাঁর বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনির সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
কবির কালজয়ী সৃষ্টির আবহে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন হয়ে ওঠে যেন নজরুল-চেতনার এক উজ্জ্বল মিলনমেলা। গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তুলে ধরে জাতীয় কবির দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার বাণী।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন মানবমুক্তি ও অসাম্প্রদায়িকতার অগ্রদূত। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে, সত্য ও সুন্দরকে ধারণ করতে এবং মানবিক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা জোগায়। শিক্ষা প্রতিষ্ঠানে এমন সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি নজরুলের চেতনায় আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী সহকারি কমিশনার ভূমি পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, নজরুল বর্ষের এ আয়োজনের মধ্য দিয়ে বদলগাছীর শিক্ষাঙ্গনে সংস্কৃতিচর্চার নতুন প্রাণসঞ্চার হবে এবং শিক্ষার্থীদের কণ্ঠে-কণ্ঠে, সুরে-সুরে ও সৃষ্টিশীলতায় আরও উজ্জ্বল হয়ে উঠবে ‘বিদ্রোহী’ কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার অমর বাণী।
