

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে কাভার্ড ভ্যানভর্তি ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আটক পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) ভোররাত পৌনে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে টাস্কফোর্স দল পরিত্যক্ত অবস্থায় থাকা কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধ ও সরকারের রাজস্ব ক্ষতি ঠেকাতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
