

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৩ লাখ টাকার ফুসকা অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জব্দ করেছে।
বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি পাড়ায় শাহাদাত মিয়ার বাড়িতে থেকে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা আগেই পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম এবং আল আমিন এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, ৩ হাজার ৭০৪ কেজি ফুসকা মালিকবিহীন অবস্থায় একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান রুখতে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
