

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক পরিবারের চার বাক-প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন।
রোববার (২৮ জুন) সকালে সংসদ সদস্যের পক্ষে তাঁর প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ উপজেলার বালিপাড়া গ্রামের বাক-প্রতিবন্ধী শামীম মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি শামীম মিয়ার কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থা ও পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামাল উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিবারের সদস্যরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার জন্য সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমপি প্রতিনিধি আ ন ম ফারুক আহমেদ বলেন, সংবাদটি প্রকাশের পর সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন। সংসদ অধিবেশন চলায় তিনি নিজে উপস্থিত হতে না পারলেও তাঁর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শামীম মিয়ার কর্মসংস্থানের জন্য একটি দোকান এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের একটি পরিবারের চার সদস্য জন্মগতভাবে বাক-প্রতিবন্ধী। চরম দারিদ্র্য ও নানা সীমাবদ্ধতার মধ্যেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য শামীম মিয়া একটি ভাড়া দোকানে চা বিক্রি করে পরিবারের ভরণ-পোষণ চালিয়ে আসছেন। সম্প্রতি তাদের জীবনসংগ্রামের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন মহলে বিষয়টি আলোচনায় আসে।
