

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩৬ হাজার শিশু পেলেন লাল ও নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল।
রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দৈবজ্ঞহাটী উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, স্যানিটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম সোহাগসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।
জানা গেছে, শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে উপজেলার ৩৮৫টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৭০ জন স্বেচ্ছাসেবী, ৪৮ জন ফাষ্ট লাইন সুপারভাইজার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরির্দশক, স্যানিটারী ইন্সপেক্টর সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা এ কর্মসূচি সফল করার লক্ষে একযোগে কাজ করছেন।
৬ মাস থেকে ১ বছর বয়সি ৩৩শ’ ৮৫ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং এক বছর থেকে ৫৯ বছর বয়সী ৩৩ হাজার ৪শ’২০ জন শিশুদের লাল রংয়ের একটি করে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অংশ হিসেবে মোরেলগঞ্জে সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে একজন সুপারভাইজার ও একজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষনিক তদারকিতে থাকছেন।
