

জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় রায় ঘোষণা আজ রোববার (২৮ জুন)।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় দেবেন। প্রসিকিউশন জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
এটি হবে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায়।
মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানসহ পাঁচজন। তাদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া নাদিম নামে আরও একজন নিহত হওয়ার অভিযোগও রয়েছে।
মামলায় প্রসিকিউশন মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছে। চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা জানিয়েছেন।
