ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৮
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

দুই বছর পর চালু হলো ভারতের পর্যটন ভিসা, আবেদন যেভাবে

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এর ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে আবেদন করে ভারতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।

পরবর্তীতে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চালু হলেও পর্যটন ভিসা বন্ধই ছিল। এ সময় শুধুমাত্র মেডিক্যাল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।

অনলাইনে আবেদন পদ্ধতি
ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর সেটি ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।

অ্যাপয়েন্টমেন্টের আগের কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করতে পারলেই বিকেল ৫টার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।

সাইন-আপের সময় আবেদনপত্রে ব্যবহৃত একই ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। ই-মেইল ও মোবাইল নম্বরে পাঠানো পৃথক দুটি ওটিপি দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে আবেদনকারী নির্ধারিত সময় নির্বাচন করে বুকিং নিশ্চিত করতে পারবেন। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগও থাকবে।

প্রয়োজনীয় কাগজপত্র
ভিসা আবেদনের জন্য কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট, যাতে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকবে, জমা দিতে হবে। পাশাপাশি পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পুরোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি এবং তিন মাসের মধ্যে তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।

এ ছাড়া সাম্প্রতিক ইউটিলিটি বিল, পেশার প্রমাণপত্র, শিক্ষার্থীদের পরিচয়পত্র অথবা ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জমা দিতে হবে।

আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১৫০ মার্কিন ডলারের সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

ভিসা ফি
পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নির্ধারিত নেই। তবে আবেদন প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ গ্রহণ করবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এই অর্থ পরিশোধ করতে হবে।

যেভাবে পাসপোর্ট ফেরত পাবেন
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram