

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমা আলম (৫১) ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী। পুলিশের ধারণা তাকে নিজ বাসাতেই হত্যা করা হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শফিউল আলম অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি স্ত্রী নাজমাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও কোন খবর না পেয়ে সাবেক ভাড়াটিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে। পরে তিনি বাসার নিচতলার ভাড়াটিয়ার সাথে যোগাযোগ করে জানতে পারেন নাজমা আলমের অবস্থা আংশঙ্কাজনক। এসময় তিনি ওই বাড়ির তিনতলায় ঘরের গিয়ে হাত বাধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নামজার মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের ও পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এটি নিঃসন্দেহে হত্যা। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
