

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার জবাই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারি টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক আবু সাঈদ, প্রকল্প পরিচালক শামসুল করিম, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পালসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমের মাধ্যমে বিলাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল জানান, এ অর্থবছরে ৮০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা এবং দেশীয় প্রজাতির ৯০০ কেজি মাছের পোনা পর্যায়ক্রমে অবমুক্তকরণ করা হবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিলমান্দায় কোঁচড়া ঘাটে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে শুভসূচনা করেন।
