ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোটের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই পরিস্থিতিতে দেশটির পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া, প্রেসিডেন্টের ভূমিকা এবং সম্ভাব্য রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসন পেয়েছে এবং সাবেক সেনাপ্রধান ও ইয়াশার নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৯টি আসন। এছাড়া আরব লিস্ট ১৯টি আসনে জয়লাভ করেছে, যার ফলে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ফলাফলের এই অচলাবস্থার কারণে আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের জন্য যোগ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানাবেন। মনোনীত নেতা সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজন সাপেক্ষে তা আরও ১৪ দিন বৃদ্ধি করা হতে পারে। যদি কেউ প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট অন্য সদস্যকে সুযোগ দেবেন এবং শেষ পর্যন্ত সমাধান না হলে ৯০ দিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এই রাজনৈতিক মেরুকরণ নিয়ে গাদি আইজেনকট জানান যে নেতানিয়াহুর প্রতি মানুষের ‘আস্থার সংকট’ রয়েছে, যা বুথফেরত জরিপে স্পষ্ট হয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেন, নেতানিয়াহুর জোট ‘শোচনীয় পরাজয়ের’ মুখোমুখি হয়েছে এবং জনগণ তাদের বাড়ি ফিরে যেতে বলেছে।

বিরোধী পক্ষের এই দাবিকে ‘আগাম উদ্‌যাপন’ বলে আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও লিকুদ পার্টির রাজনীতিবিদ গিদিয়ন সার সামাজিক মাধ্যমে উল্লেখ করেন, ‘লিকুদ ইসরায়েলের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অতীত থেকে শিক্ষা নেওয়া সব সময়ের জন্যই ভালো।’

ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক এহাব জাবারিন মন্তব্য করেন, ‘নেতানিয়াহু চূড়ান্ত বিজয়ী হয়েছেন কিংবা তার রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে—কোনোটা বলার সময়ই এখনো আসেনি।’ তিনি আরও যোগ করেন, ‘একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যদি কোনো পক্ষই সরকার গঠন করতে না পারে, তবে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় থেকে যেতে পারেন।’

জেরুজালেমে নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’ অতীতে দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যেমন তিনবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়েছিল, বর্তমান পরিস্থিতিও দীর্ঘ রাজনৈতিক দর–কষাকষির দিকে ধাবিত হতে পারে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram