

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে খাল খনন প্রকল্প বাস্তবায়নের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় ও অনিয়ম হচ্ছে। তিনি বলেন, যেসব খাল পুনঃখননের প্রকৃত প্রয়োজন রয়েছে সেগুলো উপেক্ষা করে অনেক ক্ষেত্রে ইতোমধ্যে খননকৃত খাল বা তার পার্শ্ববর্তী এলাকায় নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
সোমবার (১ জুন) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে অবস্থিত এবি পার্টির স্থানীয় কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, খাল পুনঃখননের ক্ষেত্রে প্রকৃত চাহিদা ও জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ফলে সরকারি অর্থ ব্যয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্য অনুযায়ী একটি খাল খননে যে ব্যয় হওয়ার কথা, বাস্তবে অনেক প্রকল্পে তার কয়েকগুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা কর্মসূচির চেয়ে এসব কার্যক্রমের প্রচারণায় অস্বাভাবিক পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে। তিনি দাবি করেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণকৃত বিভিন্ন কার্ডের প্রচারে শত শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা জনকল্যাণের পরিবর্তে একটি বিশেষ গোষ্ঠীর আর্থিক সুবিধা নিশ্চিত করার আশঙ্কা তৈরি করছে।
দেশে মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, মাদকের বিস্তার এখন সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক এলাকায় মাদকের প্রভাব বাড়ছে। তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
