

আদালতে নিজেকে ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেছেন রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা। আজ সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানিতে তিনি এ দাবি জানান।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয় আজ। অভিযোগ গঠন হলে এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অভিযোগ গঠনের পক্ষে শুনানি করছেন এ মামলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করছেন এদিন।
এর আগে, গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত।
প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
