ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪০
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

শাহরুখের পাঁচকথা

দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্পের মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সফল ক্যারিয়ার গড়েছেন।

শাহরুখ খান বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সংগঠন, সাক্ষাৎকারে জীবন নিয়ে কথা বলেছেন। এসব বক্তব্যে প্রতিফলিত হয়েছে তার জীবনের অভিজ্ঞতা; তার কথা থেকে পৃথিবীর অনেক মানুষ অনুপ্রাণিত হন। চলুন জেনে নেওয়া যাক, তার গুরুত্বপূর্ণ পাঁচটি শিক্ষা।

কঠোর পরিশ্রমই সাফল্যের ভিত্তি
শাহরুখ খান সবসময় বলেছেন, সাফল্য কখনো ভাগ্যের ওপর নির্ভর করে না; এটি আসে নিরলস পরিশ্রমের মাধ্যমে। তার বিশ্বাস, স্বপ্ন পূরণ করতে হলে শৃঙ্খলা ও ত্যাগ স্বীকার করতেই হবে। তিনি বলেছেন, “পৃথিবীতে একটাই ধর্ম, তা হলো—কঠোর পরিশ্রম।” অন্যের স্বপ্ন নিয়ে বাঁচতে বারণ করেছেন শাহরুখ খান। এ তারকা বলেন, “মন দিয়ে পড়াশোনা করো। কঠোর পরিশ্রম করো। আরও বেশি আনন্দ করো। নিয়মের বাঁধনে নিজেকে আটকে রেখো না, কাউকে আঘাত করো না, কখনো অন্য কারো স্বপ্ন নিয়ে বাঁচতে যেও না।” জীবনের সাফল্য নিয়ে শাহরুখের বার্তা খুব পরিষ্কার—“আপনি যদি সফল হতে চান, তাহলে জীবন থেকে বিশ্রাম নিষিদ্ধ করুন।”

নিজের স্বকীয়তাকে গ্রহণ করো
২০১৫ সালে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে শাহরুখ উপস্থিত শিক্ষার্থীদের বলেছিলেন, “তোমার ছোট ছোট পাগলামিগুলোকে কখনো এমন কিছু ভাববে না, যেগুলো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সৃজনশীল মানুষগুলো, যারা বিপ্লব ঘটিয়েছে কিংবা নতুন কিছু আবিষ্কার করেছে, তারা নিজেদের স্বকীয়তাকেই গ্রহণ করেছিল।” এরপর শাহরুখ তার অন্যতম জনপ্রিয় লাইনটি বলেন। তিনি বলেন, “ধনী হওয়ার আগে দার্শনিক হতে যেও না।”

ব্যর্থতাই সবচেয়ে বড় শিক্ষক
অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরুখ খান। সফলতার চেয়ে ব্যর্থতা মানুষকে বেশি শিক্ষা দেয়—এ মঞ্চে বাক্যটির ব্যাখ্যা করেন তিনি। শাহরুখ বলেন, “আপনি যদি প্রথমবার সফল না হন, তবে আবার চেষ্টা করুন।” এই শিক্ষা খুবই সাধারণ। কিন্তু অনেক শক্তিশালী। প্রতিটি ব্যর্থতা শেখার সুযোগ করে দেয়, ভালো হওয়ার সুযোগ দেয় এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসার পথ তৈরি করে। তার এসব কথার প্রমাণ তিনি নিজেই। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে বিরতি নেন শাহরুখ। পরে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-এর মতো সিনেমা দিয়ে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটে।

সত্যিকারের নেতারা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকেন
ইন্ডিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বেঙ্গালুরুতে নেতৃত্ব বিষয়ক এক সম্মেলনে শাহরুখ খান নেতৃত্ব নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এ মঞ্চে তিনি বলেন, “নেতারা তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের মতো করে পৃথিবীকে নতুনভাবে গড়ে তোলেন।” এ বক্তব্যে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেন শাহরুখ খান। তিনি বলেন, “নেতৃত্ব মানে হলো—বিপদের জন্য প্রস্তুত থাকা। সত্যিকারের নেতারা কঠিন সময়ে শান্ত থাকেন এবং দায়িত্ব নিতে ভয় পান না।”

মনোযোগ ও দৃঢ় সংকল্প থাকলে সব সম্ভব
শাহরুখ অভিনীত সুপারহিট সিনেমা ‘চক দে ইন্ডিয়া’। ২০০৭ সালে মুক্তি পায় এটি। এতে কবির খান চরিত্রে অভিনয় করেন। এ সিনেমায় তার বার্তা বাস্তব জীবনেও সমানভাবে প্রযোজ্য। সাফল্য শুধু প্রতিভা বা ভাগ্যের ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে মনোযোগ, দৃঢ়তা এবং কঠিন সময়েও এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তির ওপর। নিজের প্রতি বিশ্বাস, পরিশ্রম থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram