ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৬

তিতাসে লতিফ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় লতিফ ভূঁইয়া (৪৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত লতিফ ভূঁইয়ার স্বজন, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তিতাস থানার সামনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নিহতের স্ত্রী, ভাই, বোন, মামলার বাদী ও সাক্ষী সাইফুল মেম্বার বক্তব্য দেন। আবেগঘন বক্তব্যে সাইফুল মেম্বার বলেন, “লতিফ ভূঁইয়াকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি হামলাকারীদের নামও বলে গেছেন। কিন্তু ঘটনার এতদিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

নিহতের স্ত্রী আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার নাবালক সন্তান এতিম হয়ে গেছে। এখন আমি কীভাবে সংসার চালাব, কীভাবে বাঁচব?”

উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গত ১১ মে রাত সাড়ে ৯টার দিকে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে বশির মিয়ার চায়ের দোকানের সামনে লতিফ ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ধর্মবাবা ও সাবেক স্থানীয় ইউপি সদস্য সাইফুল মেম্বার বাদী হয়ে তিতাস থানায় ২৮ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram