

আসন্ন সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি হয়তো কেবলই নিয়ম রক্ষার, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই বলে কথা। জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার মিশনে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল।
রবিবার (৩১ মে) হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসরের শেষ চারে জায়গা করে নেয় মারিয়ারা।
ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের নিবিড় প্রস্তুতি সেরে নিয়েছেন সাবিনা-রূপনারা। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা ঘাম ঝরিয়েছে দল। সেখানে ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের পর, পজেশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ সিনারিও প্র্যাকটিস করেন ফুটবলাররা।
অনুশীলনের শেষভাগে এসে প্রধান কোচ পিটার বাটলারের মূল মনোযোগ ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট-পিস কৌশলের ওপর। স্বস্তির খবর হচ্ছে, স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট আছেন। ফলে ভারতের বিপক্ষে আজ পূর্ণশক্তির দলই মাঠে নামাতে পারছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, আমরা এখন একটি সম্পূর্ণ আলাদা দল এবং অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার আছে। ভারতের যদি আক্রমণ করার মানসিকতা থাকে, তবে আমাদেরও তা আছে। আমরা যেমন প্রয়োজনবোধে রক্ষণভাগ সামলাতে জানি, তেমনি গোল করার সুযোগও তৈরি করতে পারি।
