

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি ফুটবলকে বিদায় জানাচ্ছেন। শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি ফুটবলার। চলতি গ্রীষ্মেই বুট জোড়া তুলে রাখবেন তিনি।
বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলটিকে দীর্ঘ প্রতীক্ষিত পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেছেন তিনি। ফলে তার অবসরের গুঞ্জন আগে থেকেই ছিল।
ইনস্টাগ্রামে পোডলস্কি লেখেন, একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে। শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বিদায়ী ভিডিওতে নিজের ক্যারিয়ারে খেলা প্রতিটি ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন পোডলস্কি। এরপর স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বলেন, ঠিক আছে, আজকের কাজ শেষ। গোরনিক জাব্রজে ক্লাবও আবেগঘন বার্তায় জানায়, সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন ভূমিকায় শুভকামনা।
চলতি শতাব্দির অন্যতম জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক ফুটবলার হিসেবে পরিচিত পোডলস্কি দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ইউরোপের বড় বড় ক্লাবে। বায়ার্ন নিউমিখ, আর্সেনাল, ইন্টার মিলান ও গ্যালাতাসারাইয়ের মতো জায়ান্ট ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।
২০০৪ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় পোডলস্কির। দেশের হয়ে ১৩০ ম্যাচে ৪৯টি গোল করেছেন এ স্ট্রাইকার। ২০০৬ ফিফা বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

