

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (১৫ মে) বিকেলে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত মহাদেবপুর সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু, ব্যবসায়ী বিদ্রহ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা।
মহাদেবপুর সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মো. জাহেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ধান ২৯৮৯ টন, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ২৩১৫৯ টন ও ৪৮ টাকা কেজি দরে আলো চাল ৪০৬৯ টন এবং ৩৬ টাকা কেজি দরে ৬৬ টন গম সংগ্রহ করবেন।

