

মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ৯ জনকে হত্যার ৩টি অভিযোগ আনা হয়।
রোববার (১০ মে) চেয়ারম্যান বিচারপতি গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।
আগামি ৮ জুন সূচনা বক্তব্য উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এ মামলায় মোট আসামী ২৮ জন। এর মধ্যে ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন– নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এছাড়া তাপস, নানকসহ পলাতক আছেন ২৪ আসামি।
প্রসিকিউশন পক্ষে এ মামলায় তিনটি অভিযোগ আনা হয়। অভিযোগে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই কখন, কোথায় কী ঘটেছে; এসবের বর্ণনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের প্রসঙ্গও সামনে আনা হয়। একইসঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিওতে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।
প্রসিকিউশনের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে জানিয়ে এ মামলায় ২৮ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছিল প্রসিকিউশন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

