ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে সঙ্গীর গুলিতে ডাকাত সদস্য নিহত

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তাকে লক্ষ্য করে ডাকাত দলের ছোঁড়া গুলিতে ডাকাত দলের অপর এক সদস্য নিহত হয়েছে। নিহত ডাকাত সদস্যের পরিচয় সনাক্ত করা হয়েছে। তার নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে লোমহর্ষক এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমেরিকা প্রবাসীর নিকট আত্মীয় গিয়াস উদ্দিন। সকালে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। অজ্ঞাত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তগন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে, সোস্যাল মিডিয়ায় নিহত ডাকাত সদস্যের লাশের ছবি ভাইরাল হলে বিকেলে তাকে সনাক্ত করা গেছে।

এদিকে চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানা পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার নিকট আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন। মঙ্গলবার গভীর রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রীল ধরে রাখেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে জানাতে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা ডাকাতি না করেই গুলিবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram