

অন্তর্বর্তী সরকার কী কী সর্বনাশ করেছে তা তদন্তে করে শ্বেতপত্র তৈরি এবং দায়ীদের বিচারের আওতায় আনা বর্তমান সরকারের বড় দায়িত্ব— এমন দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
আনু মুহাম্মদ বলেছেন, দেশের মানুষের প্রতি অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা যদি থাকত, তাহলে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন অন্যায্য বাণিজ্য চুক্তি করা হতো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে আলোচনা করে বাতিল এবং আমদানি ও বিদেশি কোম্পানিমুখী অর্থনৈতিক তৎপরতা বন্ধ করতে হবে।
তেল-গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতা গড়ে তোলা গেলে ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের এলএনজি আমদানির মতো চুক্তির প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেছেন এই অধ্যাপক।
এছাড়া, বর্তমান সরকারের প্রতিশ্রুতি জনস্বার্থের সঙ্গে কতটা সংগতিপূর্ণ তা মূল্যায়নে আগামী ২৫ এপ্রিল সরকারের ভূমিকা নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানিয়েছেন তিনি।

