ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হয়ে গতকাল পরিচালনা পর্ষদের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কমিটির সবাইকে আলাদা আলাদা দায়িত্ব যেমন বুঝিয়ে দেন, তেমনি নিজের কাছেও রেখেছেন ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এই সভা শেষে ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে খেলা নারী ক্রিকেটাররা তুলনামূলক অনেক কম পারিশ্রমিক পান বলে মনে হয়েছে তাঁর।

দায়িত্বগ্রহণের দ্বিতীয় দিনেই খেলোয়াড়দের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত তামিমের, ‘আমরা প্রথম শ্রেণির ছেলে ও মেয়ে ক্রিকেটারদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিষয় দেখে আমি নিজেও বিস্মিত। নারী ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে আগে খুবই কম ম্যাচ ফি পেতেন, একসময় যা ছিল মাত্র এক হাজার টাকা, পরে তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এটি কোনোভাবেই যথাযথ ছিল না।

অথচ তাঁরা টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলেন। আমরা যেটা অনুমোদন দিয়েছি, বলব না এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ, সবকিছু বাড়ানোর একটি সীমাবদ্ধতা আছে।

’এখন থেকে নিগার সুলতানারা তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। ওয়ানডেতে পাবেন ১৫ হাজার টাকা করে। টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ হাজার টাকা করে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে কিছুটা পার্থক্য রাখতে এর বেশি বাড়ানো হয়নি বলেই মন্তব্য করেন তামিম, “চুক্তিতে (কেন্দ্রীয়) সবচেয়ে কম বেতনের ক্যাটাগরি হচ্ছে ৬০ হাজার টাকা।

আমি ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ালেও ওই ব্যবধানটা তো রাখতে হবে। এই কারণে আমরা যতটুকু পেরেছি, ততটুকুই বাড়িয়েছি।’
ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আগেও নেতৃত্ব দিয়েছেন তামিম। ফারুক আহমেদ বিসিবির সভাপতি থাকাকালীন তাঁর সঙ্গে এসব নিয়ে আলোচনা করেন তিনি।

এবার নিজে দায়িত্ব পেয়ে নারী খেলোয়াড়দের পাশাপাশি ছেলেদেরও পারিশ্রমিক বাড়ালেন তামিম। আগে বোর্ডের চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে পেতেন। এখন ৬৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা থেকে বেড়ে এখন ৫০ হাজার টাকা হয়েছে। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতেও ১৫ হাজার টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়া ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে তামিমের বোর্ড।

এ ছাড়া গতকালের বৈঠকে স্থবির হয়ে পড়া ঢাকার ক্লাব ক্রিকেট দ্রুত শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রতিটি দলের সঙ্গে বসব। তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ নির্ধারণ করা যায় এবং খেলা মাঠে শুরু করা যায়—সেটাই আমাদের লক্ষ্য। মাঠ নিয়ে একটি শঙ্কা আছে। তবে প্রয়োজন হলে মাঠ ভাড়া করতেও প্রস্তুত আছি।’ এদিকে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়েও পরিবর্তন এনেছে বিসিবি।

জ্বালানিসংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাতে ফ্লাডলাইট না জ্বালিয়ে দিনের আলোয় খেলা শেষ করার পরিকল্পনার কথা জানান তামিম, ‘আমরা সবাই মিলে দেশকে যতটা সহায়তা করতে পারি, সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি।’ আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া এই সিরিজে দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার ভাবনা রয়েছে বিসিবির।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram