

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই সারোয়ার।
আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের মো. জালাল উদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রলির চালক ছিলেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, হরিনগর এলাকায় ইটবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আব্দুস সামাদের মৃত্যু হয়।
এদিকে, আহত সারোয়ারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

